২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে হিন্দু বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যশোরের অভয়নগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নির্বাচনে ভোট দেয়ার কারণে রোববার সন্ধ্যায় চাপাতলা গ্রামের মালোপাড়ায় এ হামলা চালানো হয় বলে স্থানীয়রা ধারণা করছেন।

এরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতেই ঘটনাস্থলে যায় এবং সেখানে অবস্থান নেয়।

যশোর পুলিশের এএসপি (সদর) রেশমা শারমিন জানান, জামায়াত-শিবিরের লোকজন এ হামলা চালিয়েছে।

প্রশসনের লোকজন যখন ভোট গণনায় ব্যস্ত ছিল, ঠিক তখনই তারা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা মামলা না করলে পুলিশ মামলা করবে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে দেড় শতাধিক লোক মালোপাড়ায় ঢুকে পাড়ার অন্তত দেড়শ বাড়ির আসবাবপত্র, ঘরের চালা, ধান-গমের গোলাসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও তছনছ করে।

পরে ৪/৫টি বাড়িতে আগুন দেয় এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ সময় ভয়ে মালোপাড়ার লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, অর্ধশতাধিক বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় এবং কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ২শ কম্বল দেয়া হয়েছে বলে তিনি জানান।

বেসরকারিভাবে নির্বাচিত সাংসদ রণজিত রায়ের অভিযোগ, তার নির্বাচনী প্রতিপক্ষ হুইপ শেখ আব্দুল ওহাবের প্ররোচনায় জামায়াত-বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য শেখ আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।