২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় বল ভেবে বোমায় আহত ২ শিশু

রাজধানীর বাড্ডায় ‘দুই যুবকের কাছ থেকে পাওয়া’ টেনিস বলসদৃশ বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার সকাল ৯টার দিকে মধ্যবাড্ডায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, খেলার জন্য একটি টেনিস বলের সঙ্গে দুটি বোমা দুই শিশুর হাত তুলে দেয় দুই যুবক। বল ভেবে বোমা দিয়ে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়ে তারা আহত হয়।

এদের মধ্যে বাড্ডা প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্র ফাহিমের (৮) আঘাত গুরুতর। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

অপর শিশু ইয়াছিন (৭) সামান্য আহত হয়েছে।

বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ফাহিম ও ইয়াছিন তাদের বাসার সামনে খেলছিল। এ সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক এসে তাদের টেপ মোড়ানো তিনটি বল দেয়।

ওসি বলেন, “আসলে দুর্বৃত্তরা একটি টেনিস বল ও দুটি হাতবোমা দিয়েছিল। দুই শিশু বল ভেবে এগুলো নিয়ে খেলার সময় বোমাগুলো বিস্ফোরিত হয়।”

ফাহিমের বাবা শহীদ পেশায় একজন রিকশাচালক।