গাইবান্ধায় প্রিসাইডিং কর্মকর্তা নিঁখোজ, ভোট হয়নি ২০১ কেন্দ্রে
দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি আসনের ৪৬৫টি কেন্দ্রের ২০১টিতে ভোট গ্রহণ হয়নি।
এরমধ্যে রয়েছে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) এ ৪৭টি, গাইবান্ধা-০২ (সদর) এ ১২টি, গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) এ ৭৮টি এবং গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬৪টি কেন্দ্র।
এছাড়া ভোট কেন্দ্রে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত এবং একজন প্রিজাইডিং কর্মকর্ত নিখোঁজ হয়েছেন।
গাইবান্ধার জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম রোহেল ২০১টি কেন্দ্রের ভোট স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যালট পেপার, বাক্স ও ভোট কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, কর্মকর্তাদেরকে মারপিট, সংঘর্ষ এবং রাস্তা কেটে, গাছ ফেলে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভোটের উপকরণ কেন্দ্র না পৌছানোর কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়নি।
সুন্দরগঞ্জ থানার ওসি কায়সার আলী খান জানান, উপজেলার বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনডাঙ্গা এনএম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
তিনি আরো জানান, উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোবাবার ভোর রাতে জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে কর্মকর্তাদের মারপিট করে। পরে ব্যালটসহ নির্বাচন উপকরণ নিয়ে চলে যায়।
“এরপর থেকে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদুর রহমান নিখোঁজ রয়েছেন।সারাদিন বিভিন্নস্থানে যোগাযোগ করেও তার কোন খোঁজ মেলেনি। ওই কেন্দ্রেও ভোটগ্রহণ হয়নি,” বলেন ওসি কায়সার।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া জানান, দুপুর দেড়টার পর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত-শিবির হামলা চালায়।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ও স্থানীয় জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলে শিবিরকর্মী শাহাবুল ইসলাম তারা (২৮) নিহত হন।
শাহাবুল বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের খিজির উদ্দিনের ছেলে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম মঞ্জু তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
