ভোট দেয়ায় কুপিয়ে আহত
বিরোধী জোটের বর্জনের মধ্যে ভোট দেয়ায় চট্টগ্রামের সাতকানিয়ায় এক অটোরিকশার চালককে কুপিয়ে আহত করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।
রোববার দুপুর দেড়টার দিকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এই হামলায় আহত মো. সোলায়মানকে (৩৫)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোলায়মানের মাথায় আঘাত লেগেছে বলে জানিয়েছেন তার স্ত্রী খোরশেদা আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় ছদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নদু পাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন সোলায়মান।
“বাড়ির কাছাকাছি জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।”
এ সময় সোলায়মানের চিৎকার স্বজনরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বিরোধী জোটের অনুপস্থিতিতে রোববার দেশে দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে হরতাল ডেকেছিল বিএনপি-জামায়াত জোট।
