ভোট শূন্য ৭ কেন্দ্র
দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট, সিরাজগঞ্জ, ফেনী, বগুড়া ও কক্সবাজারে সাতটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
রোববার বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এ তথ্য জানান।
ভোট ঠেকাতে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের হরতাল-অবরোধ এবং বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের মধ্যে সারা দেশেই ভোটার উপস্থিতি ছিল কম।
সিলেটে ইলিয়াস আলীর কেন্দ্রে শূন্য ভোট
বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর এলাকা সিলেটের বিশ্বনাথে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সারাদিনে একটি ভোটও পড়েনি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট-২ (বিশ্বনাথ) আসনের এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন এক হাজার ৯১০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৯৭৬ জন ও মহিলা ভোটার ৯৩৪ জন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, “ইলিয়াস আলীর গুমের প্রতিবাদেই গ্রামের কেউ ভোট কেন্দ্রে যাননি।”
২০১২ সালের ১৮ এপ্রিল রাতে ঢাকার মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ও তার গাড়ির চালক।
বিএনপির অভিযোগ, সরকারের লোকেরাই তাকে ‘গুম করেছে। অবশ্য সরকারের পক্ষ থেকে বরাবরই এ অভিযোগ অস্বীকার করা হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত হলেও এবার ক্ষমতাসীন দল কোনো প্রার্থী দেয়নি। জাতীয় পার্টির মো. ইয়াহহিয়া চৌধুরী লাঙল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুহিবুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।
সিরাজগঞ্জে ভোট শূন্য ২ কেন্দ্র
বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের দুইটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
কেন্দ্র গুলো হলো কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা ও কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর এ এলাকায় ব্যাপক সহিংসতা হয়।
কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসার প্রিসাইডিং অফিসার ফরিদ আহমেদ জানান, এ কেন্দ্রের ৩৫১৮ জন ভোটারের কেউ ভোট দিতে আসেননি।
কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২৩৩৮। কোনো ভোটার কেন্দ্রে আসেননি।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের চার প্রার্থী হলেন আওয়ামী লীগের আব্দুল মজিদ মণ্ডল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান রতন, জাপার (এ) আবু বক্কর সিদ্দিক এবং জেপির (মঞ্জু) আবু হাসনাত গোফরান।
ফেনীতে ২ কেন্দ্র ভোট শূন্য
ফেনীর সোনাগাজী উপজেলার দুটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খন্দকার এ তথ্য জানান।
কেন্দ্র দুটি হল চরকান্দিয়া ইউনিয়নের পূর্ব মহেশচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সওদাগরহাট মাহদমুদিয়া মাদ্রাসা।
পূর্ব মহেশচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ১৬৩২ এবং মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৮০। মাদ্রাসাটি ছিল শুধু নারী ভোটারদের জন্য।
ফেনী-৩ (সোনগাজী-দাগনভূঁইয়া) আসনের দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির (এ) আনোয়ারুল কবির এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রহিম উল্লাহ।
বগুড়ায় একটি কেন্দ্রে কেউ ভোট দেয়নি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি কেন্দ্রে কোনো ভোটার ভোট দিতে আসেনি বলে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন।
এছাড়া পাশের একটি কেন্দ্রে ভোট পড়েছে তিনটি।
উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনিছুর রহমান জানান, কেন্দ্রটির মোট ভোটার দুই হাজার ১৫৯ জন। এর মধ্যে পুরুষ ১০৮৪ এবং মহিলা ১০৭৫ জন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেউ ভোট দিতে আসেনি।
রামচন্দ্রপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী জানান, তার কেন্দ্রে ৩৭৪৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র তিনটি।
তিন ভোটের মধ্যে জাতীয় পার্টির আলতাফ হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন দুইটি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জেপি প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু বাইসাইকেল প্রতীকে পেয়েছেন এক ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের দুই প্রার্থী হলেন জাপার (এরশাদ) আলতাফ হোসেন এবং জেপির (মঞ্জু) আমিনুল ইসলাম পিন্টু।
কক্সবাজারে এক কেন্দ্রে ভোট পড়েনি
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ভোটশূন্য কেন্দ্রটি হলো উখিয়া উপজেলার হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আশরাফ আলী জানিয়েছেন, ১ হাজার ৫৯৫ ভোটারের এই কেন্দ্রে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ভোটার কেন্দ্রে যাননি।
