অস্ত্রের মুখে ব্যালট ছিনতাই, কেন্দ্রে আগুন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শনিবার আটটি ভোট কেন্দ্রের ব্যালটসহ যাবতীয় সরঞ্জাম অস্ত্রের মুখে ছিনতাই করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এরমধ্যে কয়েকটি কেন্দ্রের ব্যালটে অগ্নিসংযোগও করে তারা।
একইদিন চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি কেন্দ্রের ভোটের সরঞ্জামে অগ্নিসংযোগ এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি কেন্দ্রের ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গাইবান্ধা
বিকালে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নে চারটিতে, সন্ধ্যায় খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তিনটি এবং নলডাঙা ইউনিয়নে একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন নিশ্চিত করেন।
কেন্দ্রগুলো হলো ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর বালক উচ্চ বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং নলডাঙা উমেশচদ্র উচ্চ বিদ্যালয়।
ইউএনও বলেন, এসব কেন্দ্রে নির্বাচন হবে কিনা তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে বার্তা পাঠানো হয়েছে। সেখান থেকে মতামত আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাদুল্লাপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাবদার রহমান জানান, সাদুল্লাপুর উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্র পৌঁছে তিনি শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভোট গ্রহণের জন্য বুথ বানাচ্ছিলেন।
এসময় জামায়াত শিবিরের তিনশতাধিক নেতাকর্মী হামলা চালিয়ে তাদেরকে পিস্তলের মুখে জিম্মি করে। পরে ব্যালট পেপার ও বাক্সসহ ভোটের যাবতীয় সরঞ্জাম ছিনিয়ে নেয়। যাবার সময় জামায়াত শিবির ক্যাডাররা ওই ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে।
আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই ধরনের হামলা হয় বলে জানিয়েছেন সেখানাকার প্রিজাইডিং অফিসাররা। হামলাকারীরা এসময় হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এর আগে বিকাল সাড়ে ৩টায় ওই ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট ও বাক্সসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে আগুন দিয়ে পুড়িয়ে দেয় জামায়াত শিবির।
ইউএনও ফরহাদ হোসেন আরো জানান, সন্ধ্যায় খোর্দ্দকোমরপুর ইউনিয়নে তিনটি এবং নলডাঙার একটি কেন্দ্রের ব্যালট পেপার, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কেন্দ্রগুলো হলো ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর বালক উচ্চ বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং নলডাঙা উমেশচদ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র ছাড়াও রাত ১টা পর্যন্ত জেলার ২৪টি কেন্দ্রে ভোটের সরঞ্জামে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ার ঘটনাটি ঘটে বিকালে। উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাটে খায়রিয়া মাদ্রাসা ও আদর্শ মহিলা মাদ্রাসা কেন্দ্রের ভোট সরঞ্জামে এই আগুন দেয়া হয়।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খায়রিয়া মাদ্রাসা কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে ট্রাকে আগুন দেয়।
এসময় ট্রাকে থাকা ভোটের বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এছাড়া আদর্শ মহিলা মাদ্রাসা কেন্দ্রের বিভিন্ন সরঞ্জামেও আগুন দেয়া হয়েছে।
তবে এতে ব্যালট পেপার পুড়ে গেছে কি না তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি ওসি খালেদ।
এর আগে শুক্রবার রাতে সীতাকুণ্ডের আলম শফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
এছাড়া গভীর রাতে সীতাকুণ্ডের রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মানববিষ্ঠা ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুর
রাত পৌনে ৮টার দিকে কমরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিঅলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাগমুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম জানান, পানিঅলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তাপস বারী আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সদস্যদের নাম তাক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
নীলফামারী
জলঢাকা উপজেলায় একটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচী সরঞ্জাম ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধা ৭টার দিকে গোলমুন্ডা ইউনিয়নের ব্রাক্ষণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিরেম্ব কুমার রায় জানান, সন্ধ্যা ৭টার দিকে অতর্কিতভাবে ৫/৬ শ লোক ভোটকেন্দ্রে হামলা চালিয়ে কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে ব্যালটসহ বাক্স এবং অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়।
এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যসহ অন্যরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করে।
দুর্বৃত্তদের লাঠির আঘাতে আহত দুই পুলিশ সদস্য হলেন আবু বক্কর সিদ্দিক (২৪) ও মতিউর রহমান (২৪)। তাদের উদ্ধার করে জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রংপুর
পীরগাছা উপজেলার চারটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও ভোটের সরঞ্জাম পৌঁছানোর সময় ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে জামাত-শিবিরকর্মীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টার মদ্যে এসব হামলার ঘটনা ঘটে বলে উপজেলা প্রশাসন জানায়।
প্রথম হামলা হয় সন্ধ্যা সাড়ে ৭টায় ইটাকুমারী ইউনিয়নের দেওয়ান সালেহ মোহাম্মদ দাখিল মাদ্রাসায় কেন্দ্রের অদূরে।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আসাদ আলী বলেন, ২০/২৫ জন জামায়াত-শিবিরকর্মী "নারায়ে তাকবীর আল্লাহু আকবার" স্লোগান দিয়ে আক্রমণ করে।
এ সময় সরঞ্জাম পৌছানোর দ্বায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারসহ দুজন নারী আনসার সদস্যকে মারধর করে তারা।
অপর তিন কেন্দ্র হলো ইটকুমারী সরকারি প্রা. বিদ্যালয়, ইটাকুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কান্দি ইউনিয়নরে পাঠকশিকড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী পাঠানো হয়েছে।
গাইবান্ধায় ব্যালটে জামায়াতের আগুন
সাদুল্লাপুরে নাশকতা রুখবে আ. লীগ-বিএনপি একসাথে
