২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমায় ৩ জন দগ্ধ

বিরোধী জোটের ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন রাতে গাজীপুরে সবজিবাহী ট্রাকে অবরোধ সমর্থকদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 11:41 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার সখিপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন অগ্নিদগ্ধরা হলেন, ট্রাক চালক মোকছেদ আলী (৩১) মানিকগঞ্জের সাটুরিয়ার কান্ডাপাড়া এলাকার খোরশেদ আলীর ছেলে। এছাড়া অপর দুইজন হলেন আলমগীর হোসেন (৪০) ও লোকমান হোসেন (৩৮) সবজি ব্যবসায়ী। রংপুরের কোতয়ালী থানার হাজিলখানা এলাকায় আলমগীরের বাড়ি এবং লোকমানের বাড়ি একই জেলার রামজীবনে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে একটি সবজিবাহী ট্রাক মানিকগঞ্জ থেকে কোনাবাড়ির দিকে যাচ্ছিল। কালিয়াকৈরের সখিপুরের কাছাকাছি এলে, একদল অবরোধ সমর্থক এতে পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায়।

এতে ট্রাকের সামনের সিটে থাকা আলমগীর, লোকমান ও মোকসেদ গুরুতর দগ্ধ হন।

অগ্নিদগ্ধদের সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি ফারুক জানান, এলাকাবাসীর সহায়তায় ট্রাকের আগুন নেভানো হয়েছে। এই ঘটনায় ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

এদিকে, শ্রীপুরে তৈরি পোশাকশিল্পের বৈদ্যুতিক মালামাল পরিবহনকারী একটি পিকআপ ভ্যানে পেট্রোলবোমা ছুঁড়ে পালিয়ে যায় অবরোধ সমর্থকরা।

রাত সাড়ে ৭টার দিকে  মাওনা-শ্রীপুর রোডে এই বোমা ছোড়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে শ্রীপুর থানার ওসি আমীর হোসেন।

তিনি জানান,এসময় ভ্যানের চালক আবু তালেব (৩৮) কাভার্ড ভ্যান থেকে নেমে দৌড়ে আত্মরক্ষা করেন। পরে স্থানীয় জনতা ছুটে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পিক-আপ ভ্যানের আগুন নেভায়।

চালক আবু তাহের জানান, রাজধানী ঢাকার নবাবপুর থেকে প্রায় ১২ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম কিনে শ্রীপুর পৌর এলাকার কেওয়ার সিজি কারখানায় ফিরছিলেন তিনি।পথে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে পেট্রল বোমা ছুঁড়ে মারে।

আগুন জ্বলতে দেখে কাভার্ড ভ্যান থামিয়ে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন।