২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের সময় সীমান্তে কড়াকড়ি বাড়াচ্ছে ভারত

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও পুলিশি ধরপাকড়ের কারণে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 05:25 PM

এরই মধ্যে পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী।  

তবে এ সময়ে যারা শরণার্থী হিসেবে আশ্রয় নিতে সীমান্ত অতিক্রম করবে, তাদের সঙ্গে মানবিক আচরণ করা ও তাদের ‘পুশব্যাক’ না করতে সীমান্তরক্ষীদের নির্দেশ দেয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্য সচিবালয় ‘নবান্ন’ ভবনে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অতিরিক্ত মহাপরিচালকসহ রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠকের পর এসব নির্দেশনা দেন অনীল গোস্বামী।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, পুলিশপ্রধান জিএমপি রেড্ডি এবং কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অনীল গোস্বামী।    

ভারত নির্বাচন নিয়ে বাংলাদেশে উত্তেজনা তৈরি হওয়ায় সীমান্ত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ বিষয়ে হস্তক্ষেপের কোনো ইচ্ছা তাদের নেই।

“তবে মন্ত্রণালয় মনে করছে, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রভাব সীমান্তেও পড়বে। এতে একদিকে যেমন হিন্দু শরণার্থীরা সম্মান বাঁচাতে এপারে আসার চেষ্টা করবেন, তেমনি পুলিশের ধরপাকড় থেকে বাঁচতে মৌলবাদী ও দুর্বৃত্তরাও সীমান্ত পেরোনের চেষ্টা করবে।”

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সীমান্তে কড়াকড়ির এ সিদ্ধান্ত এলো।

নবান্ন ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দুই হাজার ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে সুন্দরবন এলাকার ৩৪৫ কিলোমিটার জল সীমান্ত অনেকটাই উন্মুক্ত।

ফলে বিশাল এ সীমান্তে নিরাপত্তা টহল বাড়ানো এবং সীমান্ত সংলগ্ন বাড়িঘরে তল্লাশি চালানোর কথা বলেছে বিএসএফ। এজন্য রাজ্য সরকারও কেন্দ্র থেকে ১ হাজার ৩৮০ রুপি চেয়েছে।

সীমান্তে নজরদারি বাড়াতে রাডার স্থাপনের পাশাপাশি বাংলাদেশ থেকে যে কোনো হামলা ঠেকাতে ভারতীয় জেলেদের জন্য পুলিশি প্রশিক্ষণের ব্যবস্থার করার প্রস্তাব করেছে বিএসএফ।

বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী বলেন, “উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে অন্যান্য বিষয়েও।”

রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় প্রকল্প থেকে উত্তরবঙ্গে সাম্প্রতিক বিস্ফোরণ সবই আলোচনা হয়েছে। তবে মূল বিষয় ছিল বাংলাদেশ পরিস্থিতি।”

এদিকে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নজরদারি আরো জোরদার করতে ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে পশ্চিবঙ্গের সীমান্তে অতিরিক্ত দুই ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা চৌকিতেও বাড়ানো হচ্ছে পাহারা।