‘আ.লীগকে সমর্থনই কাল হলো এনামুলের’
শুধু আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক হওয়ার কারণেই প্রতিপক্ষের দেয়া আগুনে প্রাণ দিতে হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এনামুল হককে- এমনটাই দাবি পরিবারের সদস্য ও দলের।
এনামুল হকের স্বজনদের আহাজারি এনামুল হকের স্বজনদের আহাজারি
সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে বিএনপিকর্মীরা এনামুল হকের শারমিন হার্ডওয়ারে আগুন দেয়ার ৫ ঘণ্টা পর দোকানের ভেতর থেকে তার আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এনামুল হককে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ সোমবার রাতেই ৬ জনকে আটক করেছে।
মঙ্গলবার সকালেও শিবগঞ্জ বাজারে পোড়া ওই হার্ডওয়ারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দোকানের সামনে শত শত মানুষের ভিড়। স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলের আহাজারীতে ভারি চতুরপুর মহল্লায় এনামুল হকের বাড়ির পরিবেশ।
কান্নাজড়িত গলায় একমাত্র ছেলে রায়হান বলেন, “আমার বাবাকে বিএনপির লোকজন পুড়িয়ে হত্যা করেছে।”
একই দাবি করে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “এনামুল হক দলের একজন ভালো সমর্থক ছিলেন। শুধু আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণেই বিএনপিকর্মীরা তাকে পুড়িয়ে হত্যা করেছে।।”
তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজার এলাকা থেকে যুবদল নেতা সালাউদ্দীনকে র্যাবের একটি দল গ্রেপ্তার করে।
“এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে বিএনপিকর্মীরা ওই দোকানে আগুন দেয়। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ফায়ার সাভিসের আরেকটি ইউনিট এসে প্রায় ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।”
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ রাত ১১টার দিকে দোকানের ভেতর থেকে এনামুল হকের পোড়া লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, হার্ডওয়ারের দোকানে স্পিরিট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী এনামুল হকের দোকানের দুই কর্মচারী মোহাম্মদ সেলিম রেজা ও মোহাম্মদ শয়ন বলেন, সন্ধ্যা ৬টার দিকে ২০/২৫ জনের একটি দল হৈচৈ করতে করতে দোকানের সামনে এসে মালিকের মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
“এরপর তারা দোকানে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে প্রাণ বাঁচাতে তারা বাইরে বের হয়ে যান। আর দোকান মালিক আশ্রয় নেন পেছনের গুদামে।”
“পরে রাত ১১টার দিকে আগুন নেভানো হলে জানতে পারি ভেতরে একটি লাশ আছে। লাশ উদ্ধারের সেটি আমাদের মালিকের বলে সনাক্ত করি,” বলেন এই দুই কর্মচারী।
