খালেদার বাসায় যাচ্ছেন মজীনা
যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
পুলিশের ঘেরাওয়ের মধ্যেই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসায় এই সাক্ষাৎ হবে।
বিরোধী দলের কর্মসূচি ঘিরে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও পুলিশের ব্যাপক কড়াকড়ির মধ্যেই সোমবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে এক ঘণ্টার বেশি সময় বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
ওই বাড়ির সামনে ও গলির মুখে গত শনিবার থেকে পাঁচটি বালির ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ রাখা হলেও ব্রিটিশ হাই কমিশনার আসার সময় একটি ট্রাক সরিয়ে জায়গা করে দেয়া হয়। তিনি ফিরে যাওয়ার পর আবার ট্রাকটি আগের জায়গায় এনে রাখা হয়।
অবশ্য বিএনপি ঢাকা অভিযাত্রা ও সমাবেশের ঘোষণা থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করার পর সোমবার রাতে খালেদার বাড়ির সামনের নিরাপত্তা বেষ্টনি কিছুটা শিথিল করা হয়।
খালেদার বাসা থেকে বের হওয়ার পর ব্রিটিশ হাই কমিশনার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বড় দিনের ছুটি শেষে ঢাকায় ফিরে রাজনীতির সর্বশেষ হাল-হকিকত জানতেই রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
কার্যত অবরুদ্ধ খালেদার বাসায় রবার্ট গিবসনের সঙ্গে ওই বৈঠকের সময় বিরোধী দলীয় নেতার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও ছিলেন। তিনি বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিয়ে গেলেও রাত ১টার দিকে ছেড়ে দেয়া হয়।
খালেদার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক
