২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শমসের মবিন মুক্ত

খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে আটকের ঘণ্টা পাঁচেক পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 09:49 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন সাবেক এই কূটনীতিক।

এরপর পৌনে ৮টার দিকে তিনি গুলশানের ওই বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাকে পুলিশ তুলে নিয়ে যায়।

শমসের মবিনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও ছিলেন। তবে শমসের মবিনকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তারা পুনরায় খালেদার বাড়িতে ঢুকে পড়েন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শমসের মবিনকে আটক করা হয়েছিল। রাতেই ছেড়ে দেয়া হয়েছে।

BNP Vice Chairman Shamsher Mobin Chowdhury

BNP Vice Chairman Shamsher Mobin Chowdhury

BNP Vice Chairman Shamsher Mobin Chowdhury

রাত ১টার দিকে বেইলি রোডের গোয়েন্দা দপ্তর থেকে বনানীর বাসায় ফেরেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শমসের মবিন জানান।

একদিন আগে সংবাদ সম্মেলন করে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় গ্রেপ্তার হন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। পরে তাকে বাংলা মোটরে গাড়ি পুড়িয়ে পুলিশ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

হাফিজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও পেয়েছে পুলিশ।

‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ‘অবরুদ্ধ’ খালেদার বাড়ির সামনে থেকে সোমবার সকালে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে আটক করেছিল পুলিশ, পরে তাদের ছেড়ে দেয়া হয়।

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে নির্দলীয় সরকারের আন্দোলনের মধ্যে খালেদার বাড়ির সামনে থেকে গত সপ্তাহে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

গত মাসে এই বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গত সপ্তাহে খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তারকেও গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, মীর মো. নাছির উদ্দিন, গোলাম আকবর খন্দকার প্রমুখ।

তাদের সবার বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো, বোমাবাজির বিভিন্ন মামলা দেয়া হয়েছে।

শমসের মবিন আটক