ঠাকুরগাঁওয়ে সংঘর্ষ, ওসি গুলিবিদ্ধ
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ওসিসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।
১৮ দলীয় জোটের ‘ঢাকা অভিমুখী অভিযাত্রা’ পুলিশের বাধায় পণ্ড হয়ে যাওয়ার পর রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলায় এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানায়।
সংঘর্ষের মধ্যে ছোড়া একটি পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন স্থানীয় এক শিক্ষক। পুড়িয়ে দেয়া হয়েছে এক আওয়ামী লীগ নেতার প্রতিবেশীর বাড়ি।
নির্বাচনের দায়িত্বে মোতায়েন হওয়া সেনা সদস্যরা এই সংঘর্ষের পর জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। টহলে রয়েছে বিজিবি ও পুলিশও।
ঢাকায় কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে বিএনপি সন্ধ্যা ৭টায় শহরে দলের কার্যালয় থেকে মিছিল বের করলে আওয়ামী লীগকর্মীরা তাদের ধাওয়া দেয়।
এরপর আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তখন পুলিশ গিয়ে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।ওই সময় গুলিবিদ্ধ হন সদর থানার ওসি ফিরোজ খান।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ সাংবাদিকদের বলেন, ফিরোজ খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদও রয়েছেন।
সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেনের বাড়ির পেছনে একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া কালীবাড়ী মোড়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন অগ্নিদগ্ধ হন।
তাকে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি হয়েছে। তার শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সংঘর্ষ থামার পর শহরের চৌরাস্তাসহ বিভিন্ন মোড়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বিজিবি ও পুলিশও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। শহরে মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
লালমনিরহাটে ট্রাকে আগুন
লালমনিরহাটে দুটি ট্রাকে অগ্নিসংযোগ ও তিনটি গাড়ি ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঢাকায় কর্মসূচিতে বাধায় ক্ষুব্ধ বিএনপিকর্মীরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে পুলিশ জানিয়েছে।
রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস,দুটি যাত্রীবাহী বাস ভাংচুরের পাশাপাশি তিনটি মোটর সাইকেলও ভাংচুর হয়। এছাড়া আকিজ গ্রুপের পণ্যবাহী পিকআপ ও একটি পাটবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, এই ঘটনার পর সেখানে পুলিশ টহল বাড়ানো হয়েছে।
