জেডিসিতে সেরা তানজিমুল উম্মাহ
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবারও সেরা হয়েছে ঢাকার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা।
উত্তরার এ শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠনের গড় জিপিএ বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জেডিসিতে দেশ সেরা ২০ প্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশ করেছে এর মধ্যে সাতটিই ঢাকার।
৮৫ দশমিক ৭৭ স্কোর নিয়ে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা এই তালিকার শীর্ষে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডেমরার দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার স্কোর ৮৪ দশমিক ৬৬। এ প্রতিষ্ঠানের ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন।
টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ৮১ দশমিক ৮৬ স্কোর নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থীর পাস করেছে ২৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন।
মাদ্রাসা বোর্ডের সেরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ডেমরার তামিরুল মিল্লাত কামিল মহিলা মাদ্রাসা (৮১ দশমিক ২৪), রংপুর সদরের ধাপ সাতঘরা বায়তুল মুকাররম কমিল মাদ্রাসা (৮০ দশমিক ৭৯), পাবনা ইসলামিয়া আলীম মাদ্রাসা (৮০ দশমিক ৬৮), নরসিংদী সদরের জামিয়া ই কাশেমিয়া কামিল মাদ্রাসা (৮০ দশমিক ৩১), যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (৭৮ দশমিক ৯৮) এবং জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা (৭৮ দশমিক ৫০)।
মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ৭১ শতাংশ। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১৪ জন।
