২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে যাওয়া হলো না বৃদ্ধা মাবিয়ার

বিরোধীদলের ‘ঢাকামুখী অভিযাত্রা’ নয়, ষাট বছরের বৃদ্ধা মাবিয়া বেগমকে নিয়ে স্বজনরা ঢাকা এসেছিলেন চিকিৎসার জন্য। তবে যানবাহন না পাওয়ায় সময়মতো হাসপাতালে নেয়া যায়নি তাকে। হাসপাতালে নেয়ার পথেই জীবনের মায়া ছাড়তে হয়েছে তাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 03:49 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

স্বজনরা জানান, রাজধানীর দারুস সালাম থানাধীন কাউন্দিয়া গ্রামের বাসিন্দা মাবিয়া বেগম রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে প্রথমে নৌকায় গাবতলীতে নিয়ে আসা হয়।

কিন্তু এখানে এসেই বিপাকে পড়েন তারা। যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও কিছু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত রিকশাভ্যানে করে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। গাবতলী  টেকনিক্যাল এলাকায় পৌঁছানোর পরপরই  মারা যান মাবিয়া।

মাবিয়া বেগমের ছেলে মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হঠাত্ করে মা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে আমরা নৌকা করে নদী পার হয়ে গাবতলী পর্যন্ত নিয়ে আসি তাকে।

“গাবতলীতে আসার পর তাকে হাসপাতালে নেয়ার জন্য কোন যানবাহন পাইনি। একটি ভ্যানে করে রওনা হলে পথেই তিনি মারা যান।”

বিরোধী দলের ‘ঢাকা অভিযাত্রা’ ও সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে নাশকতা চালাতে পারে- এমন আশঙ্কায় রাজধানীতে বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

দুইদিন আগে থেকেই সারা দেশের সঙ্গে রাজধানীর যান চলাচল অনেকটাই বন্ধ করে দেয়া হয়।

রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ও প্রবেশ পথগুলোয় চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালাতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে রাজধানীর ভেতরেও বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে দেখা গেছে রাজধানীবাসীকে। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।