২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

বিরোধী দলের সমাবেশের আগের রাতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 12:15 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিথা ও ঢাকা মেইলের যাত্রা বাতিলের এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ব রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।”

তবে সিলেট ও চাঁদপুর গামী দুটি ট্রেন রাতে ছেড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে রাতে চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রীই নির্ধারিত সময়ে স্টেশনে উপস্থিত হয়েছেন। তবে কাউন্টার থেকে টিকিটের বিনিময় মূল্য দিয়ে দেয়া হচ্ছে।

ইতোমধ্যে রোববার ‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচিতে নাশকতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কারণে বাস-লঞ্চও বন্ধ রাখা হয়েছে।

তবে বিএনপির অভিযোগ, বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে বাস-লঞ্চ বন্ধ করে সরকারই ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

এর মধ্যে যারা বিভিন্নভাবে ঢাকায় পৌঁছতে পেরেছেন, তাদের জন্য নতুন দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে অভ্যন্তরীণ রুটে বাসের অভাব। সেই সঙ্গে পুলিশের ‘নির্দেশের’ কারণে আবাসিক হোটেলগুলোতেও উঠতে পারছেন না তারা।

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে সবাইকে ২৯ ডিসেম্বর ঢাকায় অবস্থান নেয়ার আহ্বান জানান খালেদা জিয়া। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।