দশ জেলায় আটক ১৭৯
বিরোধী জোটের ঢাকামুখী যাত্রার আগে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের ১৭৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে রোববার ‘ঢাকা অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে সারা দেশ থেকে জনগণকে ঢাকায় আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর-
রাজশাহীতে ঢাকামুখী বাস থেকে আটক ৩০
শনিবার বিকালে একটি রিজার্ভ বাস নিয়ে ঢাকা রওনা দেয়ার সময় নগরীর বাস টার্মিনাল থেকে ৩০ জনকে আটক করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, নাশকতার উদ্দেশে ঢাকা যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আটকরা জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থক বলে ওসি জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় আটক ১৬
ব্রাহ্মণবাড়ীয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, আটকদের মধ্য আটজন বিএনপি ও চারজন জামায়াত-শিবিরকর্মী রয়েছেন। অন্যদের বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।
দিনাজপুরে আটক ৬
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে এ জেলায় ১৫৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ রবিউল আলম।
তিনি জানান, আটকদের অধিকাংশই জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মী এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর ও পরিকল্পনার অভিযোগে এদের আটক করা হয়েছে।
এদের মধ্যে বেশ কিছু নিয়মিত মামলার আসামিও রয়েছে বলেও তিনি জানান।
নেত্রকোনায় আটক ১৩
সদর ও পূর্বধলা থানার পুলিশ ১৩ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।
নেত্রকোনা পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদরের বিভিন্ন স্থান থেকে সাজন এবং পুর্বধলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করেছে।
ফেনীতে আটক ১৫ জন
ফেনীতে শুক্রবার মধ্যরাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার জানান, শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন, সোনাগাজীতে ৭ জন, পরশুরামে ও ফুলগাজীতে একজন করে দুই জনকে আটক করে।
গত ১৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত যৌথ বাহিনী ১০২ জনকে আটক করেছে।
যশোরে আটক ৬২
যশোরে বিশেষ অভিযানের শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৬২ জনকে আটক করা হয়েছে।
এ নিয়ে গত চারদিনে বিশেষ অভিযানে মোট ২২০ জনকে আটক করা হল।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন জানান, অভিযানের চতুর্থ দিনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যশোরের আট উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ৬২ জনকে আটক করা হয়েছে।
বরগুনায় আটক ১৯
নাশকতার আশঙ্কায় বরগুনার বিভিন্ন থানায় বিএনপি-জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আমতলী থানার ওসি শামসুল হক ১০ জন, বেতাগী থানার ওসি মোহাম্মদ মুনিরুল ইসলাম ৮ জন এবং সদর থানার ওসি আজম খান ফারুকি একজনকে আটকের কথা স্বীকার করেছেন।
নীলফামারীতে শিবিরকর্মী গ্রেপ্তার
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের ওপর হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, শনিবার ভোরে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে সাইদুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এই মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে আটক করা হলো।
পিরোজপুরে আটক ৫
পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে শনিবার বিএনপি জামায়াতের ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত এসআই মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতার আশঙ্কায় যুবদলের প্রচার সম্পাদক নাছির উদ্দিন ও জামায়াতের ৪ জনকে আটক করা হয়েছে। শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আব্দুররাজ্জাক মোল্লা বলেন, আটক যুবদল নেতাকে আগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে জামায়াত নেতাকর্মীদের বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১২ আটক
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে হরতাল-অবরোধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
