পুলিশের জীবন বাঁচানো সাত সাংবাদিক সংবর্ধিত
জামায়াত-শিবিরকর্মীদের হামলায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করায় স্থানীয় সাত সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার দুপুরে এসএমপির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সংবর্ধিত সাত সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
সংবর্ধনা পাওয়া সাংবাদিকরা হলেন দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, ইনকিলাবের মাহমুদ হোসেন, দৈনিক উত্তরপুর্ব-এর নুরুল ইসলাম, মাই টিভির ক্যামেরাম্যান শাহীন আহমদ, বাংলাভিশনের জয়নাল আহমদ, বৈশাখী টিভির শামীম হোসাইন ও চ্যানেল টোয়েন্টিফোরের শফি আহমেদ।
সিলেটের আম্বরখানায় শিবিরের মালিকানাধীন একটি ভবনে তল্লাশি চালিয়ে এক ট্রাক কাগজপত্র জব্দ করে পুলিশ। এর প্রতিবাদে জেলায় গত ১২ ডিসেম্বর হরতালের ডাক দেয় শিবির।
হরতালের দিন সকাল সোয়া ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় জামায়াত-শিবিরকর্মীদের। সে সময় পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে জামায়াত-শিবিরকর্মীরা।
পরে সাত সাংবাদিক এএসআই কমালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে সিলেট পুলিশ হাসপাতালে নেয়া হয়অ এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন আছেন এএসআই কামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশ কমিশনার শেখ মিজানুর রহমান বলেন, পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি সাংবাদিকরা পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) এজাজ আহমদ, উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মুশফেকুর রহমান, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আয়ুব, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
