টঙ্গীতে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে আহত ৩
টঙ্গীতে একটি বাসায় হাতবোমা বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৪টার দিকে টঙ্গীর হিমারদীঘি এলাকায় বোমা তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ দাবি করছে।
ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
আহতরা হলেন শহীদ, বাবুল শরীফ ও মো. অলি। শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও অন্য দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন।
জিজ্ঞাসাবাদের জন্য শহীদের স্ত্রী রীনা বেগম ও মেয়ে লাভলীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টার দিকে হিমারদীঘি এলাকায় মো. ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া শহীদ ও তার সহযোগী শরীফ ও অলি ঘরে হাতবোমা তৈরি করছিলেন।
এ সময় একটি বোমা ঘরের মেঝেতে পড়ে বিস্ফোরিত হলে তারা তিনজন আহত হন।
বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয় জানিয়ে তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে শহীদকে ফেলে তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় শহীদকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।”
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
টঙ্গী হাসপাতালে আহত শহীদ দাবি করেন, বাড়িতে ডাকাত হামলা করেছিল। লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালানোর সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায় এবং চারটি বোমা ও গুলি ফেলে যায়।
