পরিবেশ দূষণে চট্টগ্রামে ইউএসটিসি হাসপাতালকে জরিমানা
বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালকে সাড়ে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম এ জরিমানা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিপুল পরিমাণ চিকিৎসা, সংক্রামক ও তরল বর্জ্য আশেপাশের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিল। কয়েকদফা পরিদর্শনের পর তাদের নোটিশ দেয়ার পরেও তারা এসব বর্জ্য নিষ্কাশনে কোনো উদ্যোগ নেয়নি।
“হাসপাতালটির বর্জ্যে ফয়’স লেক এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের লেক ও আশেপাশের পরিবেশের ক্ষতিসাধন করছে।”
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি এখনো পর্যন্ত পরিবেশ ছাড়পত্র নেয়নি এবং কোনো প্রকারের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন না করে তাদের কার্যক্রম চালাচ্ছে।
তিনি জানান, গত ৪ জুন শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষ দুই-তিমাসের সময় প্রার্থনা করলেও পরবর্তীতে তারা কোনো উদ্যোগ নেননি।
হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে জাফর আলম বলেন, একইসাথে ছাড়পত্র গ্রহণ এবং চিকিৎসাবর্জ্য ব্যবস্থা উন্নত করতে বলা হয়েছে।
ইউনিভিার্সিটি অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর এ হাসপাতাল স্থাপিত হয়।
পরবর্তীতে এটির নাম রাখা হয় বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম এ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন।
