কৃষিপণ্য অবরোধের আওতামুক্ত রাখার দাবি
কৃষকদের ক্ষেতের ফসল রক্ষায় কৃষি পণ্যবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে কৃষক সমিতি।
সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। যৌথ ওই সংবাদ সম্মেলনে কাজের সন্ধানে ক্ষেতমজুরদের সর্বত্র চলাচলের নিশ্চয়তার দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি।
দাবি মানা না হলে ২৭ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগঠন দুটি।
পুরানা পল্টনে মুক্তিভবনে সংবাদ সম্মেলনে ক্ষেতমজুর সমিতির সভাপতি শামছুজ্জামান সেলিম বলেন, “বিএনপি-জামায়াতের নেতৃত্বে পরিচালিত ১৮ দলীয় জোটের হরতাল ও অবরোধের কারণে কৃষকরা ভয়ানকভাবে বিপদগ্রস্ত।
“শীত মৌসুমে কৃষক সবজির আবাদ থেকে কয়েকশ’ কোটি টাকা আয় করে থাকে। লাগাতার অবরোধে মহাসড়ক এবং রেলপথ কার্যত বন্ধ থাকায় মৌসুমের শুরুতেই শীতের সব্জির একটা বিরাট অংশ খামারে পড়ে থাকায় পচে গেছে।”
অবরোধের কারণে গ্রামীণ শ্রমিক ও ক্ষেতমজুররা আমন মওসুম শেষেও কাজের জন্য অন্য কোথাও না যেতে পারছেন না।
“ফলে কাজ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে দিন অতিবাহিত করছেন তারা,” বলেন সেলিম।
সংবাদ সম্মেলনে কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন এবং ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা উপস্থিত ছিলেন।
