২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ ভরা ফসল, তবু চাষির হতাশা

মাঠের ফসল দেখে চোখ জুড়িয়ে গেলেও দীর্ঘ হরতাল-অবরোধে বিরাট লোকসানের ঝুঁকিতে পড়েছেন দিনাজপুরের সবজি চাষিরা।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 05:14 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

মাঠভরা আলু, ফুলকপি, বাঁধাকপি ও শিমের ক্ষেত। প্রতিবছর এ সময়ে কৃষকরা সব্জি বিক্রি করে হাসিমুখ নিয়ে ঘরে ফেরেন। কিন্তু এবার টানা অবরোধ-হরতাল এবং অতি উচ্চ পরিবহন খরচের কারণে তাদের সেই হাসি মিলিয়ে গেছে।

এবার দিনাজপুর জেলায় ৪২ হাজার ২ ৬১ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে এবার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক আনোয়ারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  এ মৌসুমে আলু উৎপাদনের লক্ষমাত্রা সাত লাখ ৯৭ হাজার ৩৮৭ মেট্রিক টন।

এছাড়া নয় হাজার তিন শ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।

দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রামের আলু চাষি সাবের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর এই সময়ে প্রতি কেজি আলু বিক্রি করেছিলেন ২০-২২ টাকা।

“অবরোধের কারণে বাইরের ক্রেতা না থাকায় এখন আলু নয় টাকা কেজি দরে ছেড়ে দিতে হচ্ছে।”

প্রতি বিঘায় (৫০ শতক) আলু আবাদে তার খরচ পড়েছে ৪৭ হাজার টাকা এবং আলু পেয়েছেন চার হাজার কেজি।

বিঘা প্রতি  তাকে লোকসান গুণতে হচ্ছে ১১ হাজার টাকা।

ওই এলাকার নবিউল হক সবজি চাষ করেছেন।

গত মৌসুমে ক্ষেত থেকেই প্রতি কেজি শিম ২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২০-২২ টাকা দরে নিয়ে গেছে পাইকাররা।

এবার বাজারে এনেও মিলছে না সে দাম। বাজারে শিমের কেজি ৫ টাকা এবং বাঁধাকপি  ও ফুলকপি ৭-৮ টাকা।

নবিউল তার খরচের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “দুই মন শিম ক্ষেত থেকে তুলতে মজুর খরচ হয় দুই শ টাকা। বাজারে আনতে পরিবহনসহ অন্যান্য মিলে পড়ে আরো পঞ্চাশ টাকা।”

অবস্থা এতটাই বেগতিক যে অনেক চাষি ক্ষেত থেকে শিম তুলছেন না; মাঠেই নষ্ট হচ্ছে।

প্রতিবছরই দিনাজপুরে ঢাকা, চট্টগ্রাম, মানিকগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লার ব্যবসায়ীরা আসে আলুসহ সবজি কিনতে। হরতাল-অবরোধে তারা না আসায় পাল্টে গেছে সবজি বাজারের চিত্র। আলুসহ প্রচুর সবজি থাকলেও ক্রেতা নেই।

ট্রাক চালক নুর আলম জানান, মালিকরা ট্রাক রাস্তায় নামাতে চাচ্ছে না। আর যারা ঝুঁকি নিচ্ছেন তারা অনেক ভাড়া হাঁকছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অবরোধের আগে দিনাজপুর থেকে ঢাকা ট্রাক ভাড়া ছিল ২২ হাজার টাকা, আর এখন ট্রাক ভাড়া ৭০ হাজার টাকা। চট্টগ্রাম পর্যন্ত ভাড়া ছিল ৩০ হাজার টাকা, এখন ১ লাখ ১০ হাজার টাকা।”

অস্বাভাবিক পরিবহন খরচের কারণেও অন্য জেলার ব্যবসায়ীরা আলু-সজবি কিনতে আসছে না বলে মনে করছেন তিনি।