২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ঘা চাষির কাঁধে

টানা অবরোধে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে যশোরের কৃষক ও খুদে উৎপাদকরা।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 06:47 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

অর্থকরী ফসল হিসেবে সবজির ব্যাপক চাষ হয় যশোরে। এ জেলার অর্থনীতিতে সবজি নির্ভরতাও কম নয় বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের উপ-পরিচালক হেমায়েত হোসেন।

হরতাল-অবরোধে কৃষকের দিশেহারা অবস্থা বর্ণনা করে তিনি বলেন, “সবজি বিক্রি করতে না পারলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবেন। একই অবস্থা ধান-ফুল উৎপাদকদেরও।”

তিনি জানান, যশোরের চাঁচড়ায় বছরে দুশ’ কোটি টাকার মূল্যের প্রায় আড়াই লাখ টন মাছ উৎপাদন হয়। মাছের রেণু উৎপাদনে সেখানে ৪২টি হ্যাচারি আছে।

এছাড়া প্রতিদিন চাঁচড়ায় মাছের হাট বসে। আশপাশের ঘের ও পুকুরে চাষ করা মাছ ওখান থেকে বিভিন্ন জেলায় যায়।

এর সবই রাজনৈতিক অস্থিরতা ও সহিসংতার কারণে স্থবির হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে কোনো কুল কিনারা দেখতে না পেয়ে সবজি চাষি খায়রুল ইসলাম একেবারে ভেঙে পড়েছেন।

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ফুলতলার চাষি খায়রুল জানান, ভরা মৌসুমে শীতকালীন সবজি তাকে বিক্রি করতে হচ্ছে খুবই কম দামে।

বিএনপি- জামায়াতের টানা অবরোধে পরিবহন বন্ধ থাকায় জেলার বাইরে যাচ্ছে না তার সবজি। বিক্রি করতে হচ্ছে শুধুই স্থানীয় বাজারে।

“এ কারণে অনেক সবজি ক্ষেতে থেকে নষ্ট হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রি করে উঠছে চাষের খরচ।”

একই অবস্থা সব কৃষকের জানান তিনি।

অবরোধে সাতমাইলে শিম ১০/১২ টাকা, বেগুন ১২/১৪ টাকা,  ফুলকপি, ১৩/১৫ টাকা. পাতা কপি ১০/১২ টাকা ও মূলা ৮/১০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে।

স্বাভাবিক সময়ে পাইকারদের কাছে শিম ২০/২৫ টাকা, বেগুন ২৮/৩০ টাকা, মূলা ১০/১২ টাকা, ফুলকপি ২৫ টাকা, পাতা কপি ১৫/১৩ টাকা পেতেন চাষিরা।

সদরের পোলতাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম তার চার বিঘা জমিতে এবার চষেছেন সবজি। এর ১২ কাঠায় শিম বাকীটায় বাঁধাকপি, মূলা ও বেগুন চাষ করেছেন।

সবজি তোলার সময় হয়ে গেলে তা আর ক্ষেতে রাখা যায় না উল্লেখ করে তিনি বলেন, “পানির দরে তা বিক্রি করতে হচ্ছে।”

বাণিজ্যিকভাবে ফুল চাষেও এ জেলার নাম আছে। ঝিকরগাছা উপজেলার গদখালিতে আবাদ হয় ফুল। বছরে অন্তত ২শ’ কোটি টাকার গোলাপ, গাঁধা, রজনীগন্ধা, গাডিউলাসসহ নানা জাতের ফুল এ অঞ্চলে উৎপাদন হয়।

লাভের আশায় কৃষকরা ধানের বদলে ফুল আবাদ করে অন্তত ৫০ হাজার মানুষ।

ফুল চাষি কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন,  “আমরা ফুল বিক্রি করতে পারছি না। পরিবহন না চলায় ফুল বাইরে পাঠানো যাচ্ছে না “

সবজি-ফুলের পাশাপাশি মাছ, পোল্ট্রি সব খামারেই হাতাশার চিত্র।

যশোর মৎস্য চাষি সমিতির সভাপতি ফিরোজ খান জানান, এখানকার মাছ ব্যবসার সাথে কমপক্ষে দেড় লাখ মানুষ সরাসরি জড়িত।

“মাছ বাইরে যেতে না পারায় পানির দরে বেচতে হচ্ছে মাছ। গত ২৫ দিনে আমাদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।”

এভাবে অবরোধ চললে মাছ চাষিদের শত কোটি টাকার ক্ষতি গুণতে গিয়ে পুঁজি হারাবে তারা।

পোল্ট্রি ব্যবসায়ী যশোর সদর উপজেলার নালিয়ান গ্রামের নজরুল ইসলাম জানান, যশোরের শতাধিক খামার মালিক গত এক মাসে মুরগির বাচ্চা তোলেননি।

সরবরাহ করতে না পারার আশঙ্কায় তারা মুরগি তুলছেন না। তাছাড়া মুরগির খাদ্য উৎপাদনকারী কারখানাগুলোও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

কৃষি অফিস জানায়, যশোরে বছরের ১২ মাসই ফলায় কৃষকরা। বছরে ২৭ হাজার হেক্টর জমিতে বছরে ৫ লাখ ৫৬ হাজার টন এবং এরমধ্যে শীতে সাত হাজার হেক্টর জমিতে  দুই লাখ নয় হাজার টন সবজি ফলে সেখোনে।

এ অঞ্চলে বেশি চাষ হয় বেগুন, পটল, ঢেঁড়স, করলা, পুঁইশাক, চিচিঙ্গা, ডাঁটা শাক, পেঁপে, কলা বেগুন, বাঁধাকপি, কুমড়া, পালংশাক, লালশাক ও টমেটো।

দাম কম ধান এ জেলায় কম চাষ হলেও যতটুকু চাষ তাতে থেকে সাড়ে ১৭ লাখ মেট্রিক টন চাল পাওয়া যায়।

শার্শা উপজেলার শালকোণা গ্রামের বাবুল আক্তার জানান, অবরোধে নেমে গেছে ধানের দাম। বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে সাড়ে ৬শ’ টাকায়।

“এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে।”

এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, “যশোরে অনেক ক্ষুদ্র ও ভারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু জেলার মূল অর্থনীতিতে অবদান রাখছে প্রান্তিক চাষিরা।

“অবরোধে গাড়ি চলাচল বন্ধ থাকায় সব সেক্টরে দেখা দিয়েছে মন্দাভাব। ভেঙে পড়ছে অর্থনীতির চাকা।”

২৫ দিন ধরে অবরোধ চলায় খেটে খাওয়া মানুষ পরিবারের সদস্যদের নিয়ে অর্ধহারে দিন কাটাচ্ছেন।