গাজীপুরে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ, আহত ৭
গাজীপুরে সড়ক অবরোধে বাধা দেয়ায় পুলিশের ওপর চড়াও হয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর খানের নেতৃত্বে সকাল ৯টার দিকে সাহেববাজার এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটার পাশাপাশি রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে বিএনপিকর্মীরা পিছু হটে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন।
সাহেববাজার এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এসআই আজিম।
এদিকে বিরোধী দলের পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিন সকাল থেকে গাজীপুরের সড়ক-মহাসড়কে বাস, মিনিবাস, স্কুটার ও রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা খোলা থাকলেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
