সেনাবাহিনী ‘প্রোপার্লি’ ডেকেছি: সিইসি
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনের কাঝে যথাযথভাবেই সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় নিজের কার্যালয়ে থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, “সেনা মোতায়েন না করায় এতদিন আমি তোপের মুখে ছিলাম। ১৯৭৩ সাল থেকে সেনা দিয়েই সংসদ নির্বাচন হচ্ছে, এবারও তাই। এবার তাদের আমরা প্রপার্লি ডেকেছি।”
শুক্রবার আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইসি।
পরদিনই নির্বাচন বর্জন করা বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, নির্বাচনে সেনা মোতায়েনের মাধ্যমে তাদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
বিরোধী দলের এমন অভিযোগের বিষয়ে সিইসিকে কোনো প্রশ্ন না করা হলেও রোববার তিনি নিজে থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার বিষয়েও ব্যাখ্যা দেন তিনি।
“সিটি করপোরেশন নির্বাচনে গোয়েন্দা সংস্থার এমন কোনো রিপোর্ট ছিল না আর্মি লাগবে। সেজন্য আর্মি ডাকার প্রয়োজন মনে করিনি।”
“কিন্তু আর্মি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হয় না। ১৯৭৩ সাল থেকে সেনা মোতায়েন হচ্ছে। সারাদেশব্যাপী একদিনে (ভোট) হয়, সেজন্য এবার আর্মি আসবে।”
“কেউ কেউ বলছেন- আমি আগে বলেছি আর্মির দরকার নেই, এখন বলছি আর্মির দরকার আছে। দুটোকে মিলিয়ে দিচ্ছেন। এটা পরিষ্কার করেন আপনারা।”
নির্বাচনী এলাকায় পরিস্থিতি বিবেচনা করে সেনা মোতায়েন ও তাদের সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
ইসিতে আ. লীগ প্রতিনিধি দল
মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আলমগীর সাংবাদিকদের বলেন, তারা নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার কথা বলে এসেছেন। ইসির কোনো নির্দেশনা দলীয় কোনো প্রার্থী না মানলে তা জানাতে বলেছেন তিনি।
“আমরা আমাদের প্রার্থীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পারব। কমিশন জানালে আমাদের দলীয় প্রার্থীকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুশাসন দেব।”
কাজী রকিব বলেন, “তারা ইসিকে সহায়তার কথা বলেছে। আমরা জানিয়েছি, আচরণবিধি খুব স্ট্রিকলি অনুসরণ করব। কাজে ঠিক মতো মেনে চলেন ওনাদের জন্য ভালো।”
প্রার্থীদের হলফনামা ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সম্পদের তথ্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের মধ্যে মহীউদ্দীন আলমগীররা ইসিতে গেলেন।
হলফনামার তথ্য প্রকাশে আওয়ামী লীগ কোনো আপত্তি জানিয়েছে কি না- জানতে চাইলে সিইসি বলেন, “আপত্তি কিসের? এমন কথা তো তারা আমাদের বলেননি।”
বিরোধী দলবিহীন নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নেয়া ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাও করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন আলমগীর।
“সাহেবগুলো যদি না আসেন, কেতাবী ভাষায় কেউ এসে যদি আপনাকে সাবাশ-ই না দেয়, তাতে আপনার সকল কাজ অগ্রহণীয় হবে, এমন বিশ্বাস করার হীনমন্যতা আমাদের নেই।”
প্রধান বিরোধী দল নির্বাচনে না আসার নির্বাচন অপূর্ণাঙ্গ হবে না বলেও মনে করেন এ আওয়ামী লীগ নেতা।
“কোনো একটি বিশেষ দল, যাদের এখন সমকালীন সংসদে প্রতিনিধিত্ব শতকরা ১০ ভাগের কম। তারা যদি কোনো কারণে গোস্বা করে নির্বাচনে না আসেন, তাহলে তাদের জন্য এই নির্বাচন অপূর্ণাঙ্গ হবে, এরকম কোনো কারণ আমরা দেখি না।”
