টিআইবি ট্রাস্টি বোর্ডে ড. আকবর আলি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান।
শনিবার বোর্ডের ৭৯তম সভায় তিনি যোগ দেন।
এর আগে ২ নভেম্বর বোর্ডের ৭৮তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাননো হয়।
১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে তিনি সরকারি চাকরি জীবন শুরু করেন এবং মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর প্রবাসী সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের স্বাধীনতা লাভের পর তিনি কিছুদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের প্রশাসনিক উচ্চপর্যায়ে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২০০১ সালে অবসর গ্রহণ করেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সুলতানা কামাল, চেয়ারপারসন; সেলিনা হোসেন, মহাসচিব; মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ; সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম. হাফিজউদ্দিন খান, রোকেয়া আফজাল রহমান, ড. এ.টি.এম. শামসুল হুদা এবং ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
