তুলা কারখানার আগুনে পুড়ল ২০ দোকান
খুলনায় একটি তুলার কারখানা থেকে আগুন লেগে ওই কারখানার মালামালসহ আশেপাশের ২০টি দোকান পুড়ে গেছে।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় আয়েশা কটন মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
অভয়নগর ও খুলনা ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপককর্মীরা তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফুলতলা থানার ওসি মো. ইলিয়াছ ফকির জানান।
ক্ষতিগ্রস্ত আয়েশা কটন মিলের মালিক রবিউল ইসলাম মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে তুলা তৈরির সময় অসতর্কতাবশত একটি মেশিনে পেরেক ঢুকে যায়। এর ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়ে পাশে রাখা তুলায় পড়ে আগুন লেগে যায়। পরে তা দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কারখানার সামনের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কারখানার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
