বগুড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫
বগুড়ায় অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকাল ৪টায় শহরের সার্কিট হাউজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন শহরের নাটাইপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (২১), ফুলতলার প্রয়াত শুকুর আলীর ছেলে নান্টু (২৮) ও তার ছোট ভাই ঝন্টু (২৬), আব্দুল জব্বারের ছেলে নাজমুল (২৮) এবং মুন্সিগঞ্জ জেলার দারোগা পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে তুহিন (১৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার করা পাঁচজন দুটি মোটরসাইকেলে সার্কিট হাউজের সামনে দিয়ে যাওয়ার সময় ঘোড়ার মোড়ে গোয়েন্দা পুলিশের টহল টিমের সন্দেহ হয়।
এরপর তাদের আটক করে তল্লাশি করলে আমেরিকার তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি বিদেশি চাকু পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মিজানুর।
