যশোরে সাংসদের বাড়িতে বোমা হামলা
যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ রায়ের শহরের বাড়িতে বোমা হামলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান এই সাংসদের ব্যক্তিগত সহকারী সুকুমার আঢ্য।
শনিবার দুপুরে সুকুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে রণজিত রায়ের শহরের বারান্দিপাড়ার বাড়িতে একটি বোমা নিক্ষেপ করেচে দুর্বৃত্তরা।
বোমাটি ভবনের দ্বিতীয় তলার জানালার পাশে বিস্ফোরিত হয় বলে তিনি জানান।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সংসদ সদস্যের বাড়ি থেকে শনিবার সকাল ১০টার দিকে ফোন করে বোমা হামলার কথা জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই ফরিদ ভূইয়া জানান, সংসদ সদস্যের বাড়ি গিয়ে তিনি দ্বিতীয় তলার জানালার পাশে বিস্ফোরণের চিহ্ন দেখেছেন। আলামত হিসেবে বিস্ফোরিত একটি জর্দার কৌটা উদ্ধার করেছেন।
এছাড়া স্থানীয়রা বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানান, বলেন এসআই ফরিদ।
