২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর শিবিরের বোমা, আটক ৩

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের পর তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল থেকে আটক তিন জন হলেন, মিজানুর রহমান (২৪), আরমান হোসেন (২১) ও রমজান আলী (২২)।

বায়েজিদ থানার ওসি সাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মোটর সাইকেলে করে টহল দেয়ার সময় আতুরার ডিপো এলাকায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে শিবির কর্মীরা কয়েকটি ককটেল ছুড়ে মারে।

তিনি জানান, ককটেলগুলো রাস্তায় পড়ে বিস্ফোরিত হলেও অল্পের জন্য পুলিশ সদস্যরা রক্ষা পান। পরে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে ওসি সাইরুল জানিয়েছেন।

অবশ্য চবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, এই নামে তাদের সংগঠনে কেউ সম্পৃক্ত নেই।