২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সংঘর্ষে বিএনপি কর্মী আহত

সিলেটে অবরোধকারীদের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পাল্টা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা চত্বরে এ ঘটনা ঘটে।  

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সংঘর্ষে  মহানগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে সকালে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল বের করে। মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে বের হয়ে হুমায়ুন রশীদ চত্বর ঘুরে সেখানে সমাবেশ করে। এ সময় কয়েকটি হাতবোমা ফাটানো হয়।

এ সময় পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত আট জন আহত হন বলে জানায় এলাকাবাসী।

বিএনপির নেতা হাসান কয়েস লোদীর দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।   

তবে ওসি রঞ্জন বলেন, মিছিল ও সমাবেশ থেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।