সিইসির সঙ্গে পিএসও’র বৈঠক
দশম সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চলার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বুধবার বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
৫ জানুয়ারির ভোটের আগে সেনাবাহিনী কবে থেকে নামছে- সে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল। ইসি কর্মকর্তারাও কোনো কথা বলেননি।
তবে সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, শীতকালীন যৌথ প্রশিক্ষণ মহড়ার জন্য বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে সেনা সদস্যরা অবস্থান নিলেও ভোটের জন্য সেনা মোতায়েন হবে ২৩ ডিসেম্বরের পর।
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে ১৪৬টি আসনে ভোটগ্রহণ হবে। তবে নির্বাচনে সেনা মোতায়েনের কথা আগেই বলে আসছিলেন সিইসি।
গত ২৮ নভেম্বর আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে একদফা বৈঠক করে ইসি। ওই সময় সিইসি বলেছিলেন, পরবর্তী বৈঠকের পর কবে, কোথায়, কী পরিমাণ সশস্ত্রবাহিনী নিয়োজিত হবে, তা নির্ধারণ করা হবে।
আগামী শুক্রবার নির্ধারিত ওই বৈঠকের দুদিন আগে দুপুরে ইসি সচিবালয়ে যান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
তিনি প্রথমে ইসি সচিব মোহাম্মদ সাদিকের সঙ্গে বৈঠক করেন। পরে একান্তে কথা বলেন কাজী রকিবের সঙ্গে।
কবে নাগাদ সশস্ত্র বাহিনী মোতায়েন করা হতে পারে- এ প্রশ্নের জবাবে আবু বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন হবে তখন দেখবেন।”
শুক্রবারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওই দিন এলেই দেখতে পাবেন।”
৫ জানুয়ারি ভোটের-আগে পরে অন্তত ১৫ দিন সেনা মোতায়েনের পরিকল্পনার কথা ইসি সচিব জানিয়েছিলেন। তবে সব কিছু নির্ভর করবে ইসির সিদ্ধান্তের ওপর।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে শীতকালীন যৌথ প্রশিক্ষণ মহড়া দিতে রাজধানীসহ সারাদেশে সেনাবাহিনী নামছে।
প্রতিবছর সেনাবাহিনী এসব মহড়া দিয়ে থাকে। বিভিন্ন স্থানে তাঁবু টানিয়ে ক্যাম্প করে তারা থাকেন।
নির্বাচনের জন্য ২৩ ডিসেম্বরের পর সেনাবহিনীর নামার সম্ভাবনা রয়েছে বলে ওই সূত্র জানায়।
সর্বশেষ নবম সংসদে ১২ দিন মাঠে ছিল সেনাবাহিনী। তবে আইন শৃঙ্খলাবাহিনীর অন্য সদস্যরা ভোটের আগে-পরে ৫ দিন নিয়োজিত ছিল।
কামাল মজুমদারকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিচারিক হাকিম তাসনিয়া জায়গীরদার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। নির্বাচনী তদন্ত কমিটির এই সদস্য বলেন, দেয়ালে পোস্টার লাগানোর কারণে কামাল মজুমদারকে এ জরিমানা করা হয়।
১৪ ডিসেম্বর থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ৫ জানুয়ারি ভোটের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে।আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
এদিকে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দীন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে পোস্টারে আওয়ামী সভানেত্রীর ছবি ব্যবহার করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানান মোস্তফা জালাল।
গণবিজ্ঞপ্তি জারি
একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বীদের গণবিজ্ঞপ্তি জারি শুরু হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, বাগেরহাটের জেলা প্রশাসক শুকুর আলী বাগেরহাট-২ আসনে শেখ হেলাল উদ্দীনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তির অনুলিপি ইসি সচিবালয়ে পাঠিয়েছে।
এভাবে ১৫৪ কেই নির্বাচিত ঘোষণা করা হচ্ছে।
তবে ৫ জানুয়ারি ভোটের পর সব নির্বাচিত সংসদ সদস্যদের নাম-ঠিকানা নিয়ে একসঙ্গে গেজেট প্রকাশ করা হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
