২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকছড়ি থানা ভস্মীভূত

সকালে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি থানা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 09:53 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

বুধবার সকাল পৌনে ৬টা থেকে এই আগুনে দুটি পুলিশ ব্যারাক, অস্ত্রাগার, ওয়ারলেস অপারেটর কক্ষ, হাজতখানাও পুরোপুরি পুড়ে গেছে বলে থানার ওসি কেশব চক্রবর্তী জানান।

খাগড়াছড়ি ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে একটি টেলিভিশন বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। এরপর ১০৬ ফুট দৈর্ঘ্যের আধাপাকা অফিস-ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।

খবর পেয়ে রামগড় থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি কেশব জানান, আগুন ছড়িয়ে পড়লে বিকট শব্দে পুলিশ ব্যারাকের গুলি-বারুদসহ বিভিন্ন দাহ্য পদার্থ পুড়তে থাকায় থানা ভবনের কাছে যাওয়া কঠিন হয়ে যায়।

তারপরও অগ্নি নির্বাপকরা পৌঁছানোর আগ পর্যন্ত সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়।

“চলমান অবরোধের কারণে বেশিরভাগ পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্বে থাকায় তাদের বা থানার মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। থানার ভেতরে যে কয়েকজন ছিলেন, তারা কেবল নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।”

রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে থানার অস্ত্রাগারে রাখা বিভিন্ন ধরনের সাড়ে চারশ গোলা-বারুদ ও ৬৩টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ৪৮৪০ রাউন্ড বুলেট সম্পূর্ণ পুড়ে গেছে। এগুলোর মধ্যে এলএমজি, এসএমজি, শটগান, চায়নিজ রাইফেল এবং সাধারণ নাগরিকদের লাইসেন্স করা বিভিন্ন অস্ত্র ছিল।

তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড়কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নুল আবেদীনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও পুলিশ সদস্যদের থাকা খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান, মানিকছড়ির উপজেলা চেয়াম্যান মো. আব্দুল জব্বার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শরমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।