২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর রামগঞ্জে স্থানীয়রা এখনো আতঙ্কিত 

নীলফামারীর রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার পর থেকে স্থানীয়দের উদ্বেগ-ভয় এখনো কাটেনি।

বিজয় চক্রবর্তী কাজল

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 07:01 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

আবারো জামায়াত-শিবিরের হামলার আশঙ্কায় এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে।

এদিকে শনিবারের এ ঘটনার জন্য সাংসদ আসাদুজ্জামান নূর আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দায়ী করেছেন।

গত শনিবার রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে জামায়াত-শিবির সর্থকদের হামলার পর সংঘর্ষে চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনায় এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘটনার পর থেকে উপজেলার লক্ষ্মীচাপ ও টুপামারী ইউনিয়নে থমথমে ভীতিকর অবস্থা বিরাজ করছে। এলাকার লোকজন আরারো জামায়াত-শিবিরের হামলার আতঙ্কে ভুগছে।

এ দুই ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মী, ধর্মীয় সংখ্যালঘু পরিবারসহ সাধারণ মানুষ অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না।

আবারো জামায়াত-শিবিরের হামালার আশঙ্কায় তারা রাত জেগে পাহারা দিচ্ছে।

এলাকার বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এ ব্যাপারে কথা বললেও কেউ পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সোমবার আসাদুজ্জামান নূর নীলফামারীতে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো তৎপর হলে রামগঞ্জে এরকম ঘটনা ঘটত না।

ইতিপূর্বে জেলার কয়েকটি ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় এরকম সহিংসতার ঘটনা বার বার ঘটছে।

এজন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতাকে দায়ী করেন।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) জোবায়েদুর রহমান জানান, রামগঞ্জে এরকম ঘটনা ঘটতে পারে- তা আগেই সংসদ সদস্য মহোদয়কে জানানো হয়েছিল। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে পুলিশ সংসদ সদস্য মহোদয়কে নিরাপদে সরিয়ে নেন।

পুলিশের অভিযান অব্যাহত আছে। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে, বলেন এসপি।

ঘটনার রাত থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা সবাই জামায়াত-শিবির কর্মী এবং ঘটনায় জড়িত ছিল বলে দাবি পুলিশের।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, ভোরে নীলফামারীর পাশ্ববর্তী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তিস্তারহাট গুচ্ছগ্রাম থেকে চারজনকে এবং মঙ্গলবার দুপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুচ্ছগ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের বগুড়া পাড়ার জসমত আলী (৫০), দক্ষিণ দুবাছুড়ি মিয়াপাড়ার আব্দুর রহিম (৫২), দুবাছুড়ি মাঝাপাড়ার আব্দুর রহিম বাদশা (২০) ও টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের নুর হোসেন (২৫)।

দুপুরে নীলফামারী সরকারি কলেজ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় রামগঞ্জ এলাকার আবুল কালামকে (৪৩)।

এর আগে ঘটনার রাতে গ্রেপ্তাররা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াহেদ (৩২), নিয়ামতপুর গ্রামের মোখলেছার রহমান (৪২) ও সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের হাসান আলী মিয়া (৬৫)।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর শুক্রবার দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারি সদরের রামগঞ্জ বাজারেও ব্যাপক তাণ্ডব চালায় দলটির কর্মীরা।

পরদিন শনিবার আসাদুজ্জামান নূর ওই এলাকা পরিদর্শনে গেলে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে নিহত হন টুপামারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, তার ছোট ভাই যুবলীগ কর্মী মুরাদ হোসেন ও পথচারী আবু বক্কর ছিদ্দিক।

ওই রাতেই ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করেন পরিদর্শক বাবুল আক্তার।

পুরনো খবর:

নীলফামারীতে জামায়াত-বিএনপির তাণ্ডব, নিহত ৫
নীলফামারীতে বিজয় দিবসে শোকসভা
নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় আটক ৪