নীলফামারীতে বিজয় দিবসে শোকসভা
জামায়াতের তাণ্ডবে চার প্রাণহানির ঘটনায় নীলফামারীতে বিজয়ের উৎসবের বদলে শোকসভা ও শোকর্যালির আয়োজন করা হয়েছে।
জামায়াত-শিবিরের শনিবারের ওই হামলায় নিহত চার আওয়ামী লীগ নেতাকর্মীর স্মরণে সোমবার সকালে জেলা আওয়ামী লীগ এ শোকসভার আয়োজন করে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সাসদ আসাদুজ্জামান নূর বলেন, “আজ আমাদের বিজয় উৎসব করার কথা ছিল, কিন্তু তার বদলে আমরা শোক র্যালি করছি। গত শনিবার জামায়াত-শিবির আমাদের চার নেতা-কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা আজ শোকাহত, অশ্রু সিক্ত।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা মহিলা আওয়মী লীগ সভাপতি রাবেয়া আলিম, জেলা যুবলীগ সভাপতি রামেন্দ্র বর্ধন, পৌর আওয়ামী লীগ সভাপতি মশফিকুল ইসলাম প্রমুখ।
সকালে মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে আওয়ামী লীগের পুর্ব ঘোষিত বিজয় র্যালির পরিবর্তে শোক র্যালি করা হয়।
দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার ও দলীয় কার্যালয়ের সামনে পৃথক সমাবেশ করে।
শনিবার বিকালে নীলফামারী সদরের রামগঞ্জ বাজারে জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শহরে ফেরার পথে জামায়অত-শিবিরের হামলার শিকার হন আসাদুজ্জামান নুর এবং তার সঙ্গীরা।
এ সময় দুপক্ষের সংগর্ষে সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন, তার ছোট ভাই মুরাদ হোসেন এবং আবু বক্কর সিদ্দিক নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
