২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় আটক ৪

নীলফামারীতে আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের মামলায় চার জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

এরা হলেন- নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামের জমসেদ আলী (৫০), দক্ষিণ দুবাছুরি গ্রামের আব্দুর রহিম (৫৫), মাঝাপাড়া এলাকার বাদশা মিয়া (২০) ও টুপামারী ইউনিয়নের নূর হোসেন (২৫)। 

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশ ও র‌্যাবের যৌথ  অভিযানে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিতারহাটের গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম আলীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। 

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর শুক্রবার দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারি সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারেও ব্যাপক তাণ্ডব চালায় দলটির কর্মীরা।

পরদিন শনিবার সাংসদ আসাদুজ্জামান নূর ওই এলাকা পরিদর্শনে গেলে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নিহত হন টুপামারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, তার ছোট ভাই যুবলীগ কর্মী মুরাদ হোসেন ও পথচারী আবু বক্কর ছিদ্দিক।

ওই রাতেই ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করেন পরিদর্শক বাবুল আক্তার।

এ মামলায় এর আগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

নীলফামারীতে জামায়াত-বিএনপির তাণ্ডব, নিহত ৫