জয়পুরহাটে আ.লীগ নেতার হাত-পা ভেঙ্গেছে জামায়াত
জয়পুরহাটের সদর উপজেলায় এক আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুরতলী এলাকায় আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান হ্যাপি এই হামলার শিকার হন।
হ্যাপি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বলে জানিয়েছেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নন্দলাল পার্সি।
ওসি আব্দুর রশিদ জানান, বেলা ১টার দিকে হ্যাপি বাড়ি থেকে মোটরসাইকেলে করে জয়পুরহাট যাচ্ছিলেন। পাকুরতলী এলাকায় পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা তার গতিরোধ করে লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
