রাজাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় ঝালকাঠীর রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হেমায়েত উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বাগড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান।
গত রোববার ভোররাতে উপজেলার পিংড়িতে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং আসবাবপত্র পুড়ে যায়।এ ঘটনায় বাদশা মিঞা ও মেহেদি হাসান রিজু নামে দুই বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।
ঝালকাঠী গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে গত ১২ ঘণ্টায় বিএনপির-জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
