২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার মিছিল পণ্ড পুলিশের বাধায়

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে আটক রাখার অভিযোগে রাজশাহীতে ডাকা হরতালে নেতাকর্মীদের মিছিল করতে দেয়নি পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

রোববার নগরীতে দলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়  এবং এক জাপা কর্মীকে আটক করে।

চিকিৎসার কথা বলে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনী এইচএম এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করায়। জাপার দাবি, গ্রেপ্তারের জন্য তাকে আটকে রাখা হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, নাশকতার আশঙ্কায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মিছিল করতে নিষেধ করা হয়। কিন্তু নিষেধ অমান্য করে বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে তারা গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন।

ওসি বলেন, পুলিশের অনুমতি ছাড়াই মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে আসলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা হামলা চালালে তাদের ব্যানার কেড়ে নেয় পুলিশ। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে মুক্তার হোসেন নামের এক জাপা কর্মীকে আটক করা হয় বলে ওসি জানান।

মহানগর জাপার সদস্য সচিব সাইফুল ইসলাম স্বপন বলেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণভাবে মিছিল বের করা হয়। কিন্তু কোনো উস্কানি ছাড়াই পুলিশ মিছিলে বাধা দিয়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে।

এতে তাদের পাঁচ কর্মী আহত হন বলে জাপা নেতা স্বপন জানান।

এইচএম এরশাদকে চিকিৎসার নামে আটক রাখা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মহানগর জাপা আধাবেলা ও জেলা জাপা সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।