কল্যাণপুরে বিস্ফোরকসহ ২ জামায়াতকর্মী আটক
রাজধানীর কল্যাণপুরের এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির পাঁচতলার একটি ফ্লাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়ির ওপর কয়েক দিন ধরে নজর রাখা হচ্ছিল। রোববার সকাল ১০টার দিকে বাড়িটির পাঁচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ ওই দুই ভাইকে আটক করা হয়।
তারা হলেন- খালেদ শামস (৩৭) ও সাজিদ শামস (২০)।
ইমতিয়াজ বলেন, উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে চার কেজি গান পাউডার ও তিন বস্তা স্প্লিন্টার, ২০ কেজি পাথর ও বেশকিছু জেহাদি বইও রয়েছে।
এই পুলিশকর্তার ধারণা, ওই বাড়িটিকে জামায়াতের মহানগর পশ্চিম শাখার অপারেশন ইউনিটের কাজে ব্যবহার করা হতো।
ওই বাড়ি থেকে প্রচারপত্র এবং ইসলামী ছাত্রশিবিরের টি-শার্টও উদ্ধার করা হয়েছে।
এছাড়া সেখান থেকে বেশকিছু মেডিকেলের বইও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গত ৭ ডিসেম্বর কল্যাণপুরের একটি বাড়ি থেকে পেট্রল বোমাসহ ১০ শিবিরকর্মী আটক হয়েছে, যারা ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
কল্যাণপুর শহীদ মিনার রোডের ১৫ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
