২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগের চেষ্টা

হরতালে চট্টগ্রামে হাতবোমার বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 02:23 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর বিজয় দিবসের আগের দিন রোববার দেশব্যাপী হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

সকালে পিকেটিংয়ের চেষ্টার সময় নগরীর ডবলমুরিং থানাধীন মিস্ত্রি পাড়া এলাকা থেকে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নগরীর ডবলমুরিংয়ের চৌমুহুনী এলাকায় শিবিরকর্মীরা দুইটি হাতবোমা ফাটায়।

সকাল সোয়া ১০ টার দিকে মিস্ত্রি পাড়া এলাকায় পিকেটিংয়ের চেষ্টার সময় পুলিশ দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করে বলেও তিনি জানান।।

এদিকে ষোলশহর এলাকায় একটি হিউম্যান হলারে আগুন দেয়ার চেষ্টা করেছে শিবিরকর্মীরা।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আব্দুর রউফ জানান, কয়েকজন শিবিরকর্মী যাত্রী বেশে একটি লেগুনা থেকে নেমে বেবি সুপার মার্কেট এলাকায় গাড়িটিতে আগুন দেয়ার চেষ্টা করে।

গাড়ির চালক ও সহকারী চিৎকার শুরু করলে টহল পুলিশের একটি দল এগিয়ে গেলে তারা সটকে পড়ে।

এছাড়া গোলপাহাড় এলাকায় শিবিরকর্মীরা দুইটি হাত বোমা ফাটিয়েছে বলে জানান কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মীর্জা সায়েম মাহমুদ।

এছাড়া নগরীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায় নি।

নগরী থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

নগরীতে গণ-পরিবহনও চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। স্বাভাবিকভাবে চলছে ব্যাংক, বিমা অফিস ও পোশাক কারখানার কাজকর্ম।