২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে নারীসহ আটক ৩২

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বেনাপোল থেকে নারীসহ ৩২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শনিবার সকালে পুটখালি সীমান্ত দিয়ে তারা পার হওয়ার চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, আটকদের মধ্যে ২১ জন পুরুষ ও ১১জন নারী রয়েছে।

তাদের বাড়ি নড়াইল, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধপথে একদল লোককে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবির টহলদল পুটখালির ইছামতি নদী সংলগ্ন বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

তবে দালালদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওই কর্মকর্তা জানান।

এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পারাপারে অভিযোগে পোর্ট থানায় একটি মামলা হয়েছে। তাদের থানায় পাঠানো হয়েছে।