জাবিতে শুরু হলো ‘প্রজাপতি মেলা’
প্রকৃতির অসীম বর্ণিলতা আর চাঞ্চল্যের প্রকাশ যেন প্রজাপতি। আঙিনা ও আকাশ রাঙানো এই পতঙ্গটি ঘিরেই শুক্রবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রজাপতি উৎসবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে চতুর্থবারের মত দক্ষিণ এশিয়ার সবচে বড় এই প্রজাপতি উৎসব শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৯টায়।
আয়োজকরা বলছেন, আনুষ্ঠানিকতা কিংবা দরদবোধ নয়, প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ।
বাংলাদেশে প্রজাপতির প্রজাতি রয়েছে প্রায় ৩০০টি যার মধ্যে কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই রয়েছে ১১৫টি।
প্রজাপতি মেলা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি খালেদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাগতিক গড়পড়তা জীবনযাপনে ক্লান্তি থেকে এই মেলা যেমন প্রশান্তি যোগাবে, তৈরি করবে গণসচেতনাও।”
‘প্রজাপতি দম্পতি’ কিংবা কোনো ‘ভবঘুরে’ প্রজাপতির উদাস ওড়াওড়ি ছাড়াও মেলায় থাকছে প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি বিষয়ক বিতর্ক, তথ্যচিত্র প্রদর্শনী, ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হরতাল-অবরোধ ও দেশব্যাপী সহিংসতার কারণে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের মেলায় উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে অপারগতা জানিয়েছেন। তা স্বত্ত্বেও প্রকৃতির সৌন্দর্য্য নিয়ে মেলা থাকবে তার স্বরূপেই বলছেন আয়োজকরা।
যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে উঁচুতে তুলে ধরবে বলে মনে করেন মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।
তিনি বলেন, কিছু ঘটনা-দুর্ঘটনায় খানিক হোঁচট খেলেও বহুরঙা এই আয়োজনে দক্ষিন এশিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই মাইলফলক।
১৭ বছরে ২৭৭ প্রজাতির প্রজাপতিকে সনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব শাখা। তার মধ্যে ৪০টির রয়েছে বাংলা নামও।
মিঞ্জি-বিন্তি-চিতা-কেশবতী- চরবাতাসি কিংবা বনরাজি; স্বভাব-চরিত্র এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের বিবেচনায় ভিন্ন ভিন্ন নাম রাখা হয়েছে প্রজাপতির।
বিশ্ববিদ্যালয়ের চত্বর জুড়ে পতঙ্গটির এসব বৈশিষ্ট্য ও নানা রূপের প্রশস্তি গেয়ে ঝোলানো হয়েছে ছড়া-কবিতা লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার।
সেখানে লালচক্ষু নামের প্রজাপতি সম্পর্কে বলা হয়েছে, কাষ্ঠরঙা জামা পড়ে/ ফুড়ুৎ ফুড়ুৎ ওড়ো/ নানা রঙের পাতার ফাঁকে/ সব সময়ই ঘোরো!
অথবা ‘প্রজাপতি রূপসী/তুমি কি খুব উপসী?/ ফুল থেকে খাও মধু আর/ ঝরণা থেকে জল/ নানা রকম রেশমী রঙে শরীরটা ঝলমল।’
মেলায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের ৫০জন আলোকচিত্রীর নির্বাচিত আলোকচিত্র প্রদর্শন করার কথা রয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরাগায়নের জন্য প্রজাপতি অপরিহার্য, ৩০ থেকে ৪০ ফুট উচুঁতে উঠেও এরা পরাগায়নের মত মৌলিক কাজে ভূমিকা রাখে।
৬০’র দশক থেকে প্রজাপতি নিয়ে গবেষণা করে আসা এই অধ্যাপক প্রজাপতি মেলার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে বলেন, “বনে-জঙ্গলে ঘুরে এই সময়ে পতঙ্গ চেনা কঠিন, চেতনা জাগাতে এই মেলা আবশ্যক।”
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলা উদ্বোধন ও প্রজাপতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এমএ মতিন।
মেলায় ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ ছাড়াও সহযোগিতা করছে ‘প্রকৃতি সংরক্ষণ পদক্ষেপ’ নামের একটি সংগঠন।
