সাতক্ষীরায় জামায়াতের হামলা, বাড়িঘরে আগুন
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর সাতক্ষীরার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত-শিবির কর্মীরা।
এছাড়া সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম শওকাত হোসেনের গ্রামের বাড়িতেও আগুন দিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকালের মধ্যে এসব ঘটনা ঘটে।
এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় বিকালে হামলা চালালে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এতে তাদের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
পাটকেলঘাটা থানার ওসি মামুনুর রশিদ জানান, বিকালে পাটকেলঘাটা বাজারে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে বাজারের দোকান পাট ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। জামায়াত কর্মীরা পাল্টা আক্রমণ করলে তাদের ছত্রভঙ্গ করতে ৩০ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে পুলিশ।
জামায়াত কর্মীদের হামলায় ওসিসহ কনস্টেবল মনিরুল ইসলাম, মহিরুল ইসলাম, পান্নু মিয়া ও আসাফুর আহত হয়েছেন।
অপরদিকে কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামে আওয়ামী লীগ সমর্থক গিয়াস উদ্দীন (৩৫) ও স্থানীয় দোকানদার খোকন মিয়া (৪০) জামায়াত কর্মীদের হামলায় আহত হয়েছেন। তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানার ওসি আলী আযম জানান, উপজেলায় বড় ধরনের ঘটনা না ঘটলেও থমথমে অবস্থা বিরাজ করছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, বিকালে শহরের জজকোর্ট মোড়, পলাশপোল স্কুল মোড়, ইটাগাছা ও বাঁকাল এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে যায়।
সদর উপজেলার মোহনপুর গ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকাত হোসেনের গ্রামের বাড়িতে জামায়াত-শিবির কর্মীরা আগুন ধরিয়ে দেয় বলেও জানান ওসি।
পুলিশ সুপার প্রত্যাহার
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীর কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
পুলিশের খুলনা বিভাগের ডিআইজি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনের প্রত্যাহার আদেশ পুলিশ হেড কোয়ার্টার থেকে ফ্যাক্স বার্তায় পাঠানো হয়। তাকে ফিরিয়ে নেয়া হয়েছে।
