রিভিউ আবেদন খারিজ: ফেইসবুকে উচ্ছ্বাস
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেইসবুক ব্যবহারকারীরাও।
অনেকেই তাদের স্ট্যাটাসে বিলম্ব না করে এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
এর ফলে একাত্তরের হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে সর্বোচ্চ আদালতের দেয়া প্রাণদণ্ড কার্যকরের আইনি বাধাও কেটে গেছে।
শাহতাব সিদ্দিকী অনিক নামে একজন স্ট্যাটাসে লিখেছেন- “এই স্ট্যাটাস দিছিলাম এক ঘণ্টা আগে। জীবনে কোন কিছু নিয়া অহংকার করি নাই। কিন্তু এইবার ছাড়ব না। কইছিলাম ফাঁসি দেখুম। আইজকাই।”
অভিনেত্রী সোহানা সাবা তার স্ট্যাটাসে লিখেছেন, “এখন স্ট্যাটাস বলে দিচ্ছে কারা কারা রাজাকারের বাচ্চা।”
ফেইসবুকের পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদের নিচেও অনেকে তাদের নিজস্ব মতামত দিয়েছেন। খারিজ হওয়ার কয়েক মিনিটের মধ্যে সংবাদের নিচে অসংখ্য মতামত জমা হতে থাকে।
আশিক কাঞ্চন নামে একজন তার স্ট্যাটাসে কাদের মোল্লার জীবন ভিক্ষা বিষয় নিয়ে লিখেছেন- “দেখতে চাই মোল্লা তুই প্রাণ ভিক্ষা চাইবি।”
শাহবাগে সাইবার যুদ্ধ নামে একটি গ্রুপের ওয়ালে লিখা ছিল- “আমরা প্রকাশ্য আদালতে, প্রায় চার বছর সময় নিয়ে, ধাপে ধাপে বিচার করেছি। আমরা এই ঘৃণ্য অপশক্তির দুর্গের দুয়ার ভেঙেছি। জামায়াত আর ধরা-ছোঁয়ার ঊর্ধ্বে না। এটা কত বড় অর্জন, তা হয়তো আমরা নিজেরাও জানি না।”
তানভির আহসান সিদ্দীকি পাভেল নামে একজন এই আদেশের দিনটিকে ঈদের সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, “আজ ঈদ। বাংলার ঘরে ঘরে আনন্দ।”
স্ট্যাটাস ছাড়াও ফেইসবুকে কাদের মোল্লার বিভিন্ন কার্টুন নিজেদের প্রোফাইল ছবি ও কভার ছবি বানাতে দেখা যায়।
৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা বাড়িয়ে ফাঁসির আদেশ দেয়।
এর আড়াই মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়া হয়। কিন্তু আসামি পক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন রাতে এক আদেশে ফাঁসি কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বুধবার সকাল ১০টায় ফাঁসির কার্যক্রম স্থগিত করার বিষয়ে শুনানি শুরু হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় দুই পক্ষের উপস্থিতিতে শুরু হয় রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি। প্রধান বিচারপতির যে নেতৃত্বে যে বেঞ্চ ফাঁসির রায় দিয়েছিল, তার সব সদস্যই এতে অংশ নেন।
