কাদের মোল্লা: চবিতে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্রতিবাদ
কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করার পর ক্যাম্পাসে মিছিল করেন তারা।
‘সচেতন শিক্ষক সমাজের’ ব্যানারে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা মৌন মিছিল করে এক সমাবেশে মিলিত হন।
আদালতে ‘মিথ্যা’ সাক্ষ্য দিয়ে কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী সমর্থক শিক্ষকরা।
এর আগে কলা অনুষদ থেকে বের হয়ে বিজ্ঞান অনুষদ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় তাদের মৌন মিছিল।
অধ্যাপক আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বাণিজ্য অনুষদের সাবেক ডিন মোজাম্মেল হকও বক্তব্য দেন।
এদিকে রিভিউ আবেদন খারিজ হওয়ায় দ্রুত কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে মিছিল সমাবেশ করেন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. আবুল মনসুরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, প্রীতিলতা হলের প্রভোস্ট মাহবুবুল হক প্রমুখ বক্তব্য দেন।
