২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের কার্যতালিকায় ৩ নম্বরে কাদের মোল্লার রিভিউ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চের কার্যতালিকায় ৩ নম্বরে রয়েছে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন, যার গ্রহণযোগ্যতা নিয়ে বৃহস্পতিবার শুনানি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 11:08 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

বুধবার রাতে সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এটা দেখা গেছে। এদিন ওই বেঞ্চেই জামায়াত নেতার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আদৌ আছে কি-না, সে বিষয়ে শুনানি হয়। পরে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

আপিল বিভাগের এই বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় শীর্ষে রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার সংক্ষেপসার জমা দেয়ার সময় বৃদ্ধির একটি আবেদন। দ্বিতীয় স্থানে রয়েছে সরকার এবং ক্যাপ্টেন (অব.) মো. আবুল কাশেমের একটি মামলা।

এদিকে শীতকালীন অবকাশের আগে বৃহস্পতিবারই আপিল বিভাগের শেষ কার্যদিবস। এর মধ্যেই বিষয়টি নিষ্পত্তি না হলে রায় কার্যকরের বিষয়টি আগামী বছর পর্যন্ত ঝুলে যেতে পারে বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা বাড়িয়ে ফাঁসির আদেশ দেয়। 

এর আড়াই মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়া হয়। কিন্তু আসামি পক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন রাতে এক আদেশে ফাঁসি কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বুধবার সকাল ১০টায় ফাঁসির কার্যক্রম স্থগিত করার বিষয়ে শুনানি শুরু হয়।

এরপর বেলা সাড়ে ১১টায় দুই পক্ষের উপস্থিতিতে শুরু হয় রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি। প্রধান বিচারপতির যে নেতৃত্বে যে বেঞ্চ ফাঁসির রায় দিয়েছিল, তার সব সদস্যই এতে অংশ নেন।