অজ্ঞাত এসএমএস সনাক্তে নির্দেশনা বিটিআরসির
অজ্ঞাত প্রেরকের কাছ থেকে ‘বিশেষ বার্তা’ সংবলিত এসএমএস সনাক্তে মোবাইল ফোন অপারেটরদের পাঁচটি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বুধবার বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ নির্দেশনা দেয়া হয়।
বৈঠকের পর বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ এসএমএস প্রেরণকারীদের সনাক্তে অপারেটেরদের ৫টি নির্দেশনা দেয়া হয়েছে।”
মূলত কোন স্থান থেকে এসব এসএমএস আসছে এবং প্রেরণকারীদের সনাক্তেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিটিআরসি প্রধান।
অপারেটররা এ বিষয়ে খুব শিগগিরই কাজ শুরু করবে বলে জানান সুনীল কান্তি বোস।
অবশ্য নির্দেশনার বিষয়ে কিছু জানাননি বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, “৫টি নির্দেশার বিষয়গুলো নিরাপত্তার জন্য এখন বলা যাচ্ছে না।”
বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমকে বলেন, “বিগত কয়েক দিন যেসব এসএমএস মোবাইল গ্রাহকদের অজ্ঞাত স্থান থেকে পাঠানো হচ্ছে তা দেশের বাইরের থেকেই আসছে, দেশের মধ্যে থেকে শর্ট কোডের মাধ্যমের প্রেরণ করা হলে খুব সহজেই সনাক্ত করা যেত।”
দেশের বাইরের থেকে আসা এসব এসএমএস সনাক্তে অপারেটরদের কিছু নতুন প্রযুক্তি ইনস্টল করতে হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
গত সোম ও মঙ্গলবার যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসি নিয়ে এসএমএস পাঠায় অজ্ঞাত ব্যক্তিরা। সেখানে লেখা হয় এ ফাঁসি কার্যকর হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।
এসব এসএমএসের মাধ্যমে বড় ধরনের নাশকতা বা সংঘাত সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেক গ্রাহক।
এর আগে গত ২৩ জুন প্রধান দুই দলের নেত্রীকে ‘না’ বলার আহ্বান জানিয়ে ‘অজ্ঞাত’ নম্বর থেকে গ্রাহকদের এসএমএস পাঠানো হয়েছিল।
