বাগেরহাটে আ.লীগের দুই ওয়ার্ড কার্যালয়ে আগুন
বাগেরহাট সদর উপজেলায় আওয়ামী লীগের দুটি ওয়ার্ড কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরের দিকে উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট বাজারে ৭ নম্বর ও রণভূম গ্রামে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়া হয়।
খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
আগুনে শ্রীঘাট বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সঙ্গে ছয়টি দোকানও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে কোনো নৈশ প্রহরী ছিল না। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে ‘দাহ্য পদার্থ’ দিয়ে প্রথমে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়া হয়।
পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাত্তারসহ বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
ভোর ৪টার দিকে আগুন নেভানোর আগেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায় বলে তিনি জানান।
ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেন বলেন, মধ্যরাতে বিএনপি ও জামায়াত শিবিরের সমর্থকরা ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। আগুনে ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়টি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জয়নুল আবেদীন তিতাস বলেন, “শ্রীঘাট বাজারে আগুনের ঘটনাটি নাশকতামূলক। এখানে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেন, নাশকতা সৃষ্টিকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
