২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে জামায়াতের হামলায় ৫ পুলিশ আহত

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফঁসির রায় কার্যকর ঠেকাতে ডাকা হরতালে এবার নড়াইল পৌর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এক পরিদর্শকসহ পাঁচজনকে আহত করেছে জামায়াত-শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান জানান, বুধবার সকাল ৮টার দিকে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের অবরোধের মধ্যেই এই হরতাল করছে কাদের মোল্লার দল জামায়াতে ইসলামী। 

ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, জামায়াত-শিবির কর্মীরা সকালে ডুমুরতলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতকর্মীরা পুলিশের দিকে হাতবোমা ছুড়লে সদর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন রাস্তায় পড়ে যান। এরপর জামায়াতকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে মোক্তারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে।

পরে অতিরিক্ত পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

আহতদের মধ্যে পরিদর্শক মোক্তার হোসেনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সদার থানার এস আই মো. তান্নু ও মো. জালাল, হাবিলদার বাবলু ও কনস্টেবল সাঈদকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।