চাঁপাইনবাবগঞ্জে অ্যাম্বুলেন্সে হামলা, রোগীসহ আহত ৩
অবরোধ ও হরতালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ভাংচুর করেছে পিকেটাররা।
মঙ্গলবার দুপুরে কয়লাবাড়ি এলাকায় অ্যাম্বুলেন্স ভংচুর করা ছাড়াও এর ভেতরে থাকা রোগী ও তার স্বজনদের মারপিটও করা হয়। এতে রোগীসহ তিনজন আহত হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিকালে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বোয়ালি দিঘি এলাকার কলিমুদ্দিনের ছেলে মোতালেব (৪২), এজাবুলের ছেলে আয়নাল (৪৫) ও প্রয়াত মহাসিন আলীর ছেলে স্বপন (৩৪)।
আহত আয়নাল বলেন, বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মোতালেবের পা ভেঙ্গে যায়। তখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দুপুরে তার পায়ের প্লাস্টার খোলার কথা ছিল।
এজন্য তারা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে মোতলেবকে নিয়ে রাজশাহী যাচ্ছিলেন।
পথে শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকায় তাদের অ্যাম্বুলেন্সে হামলা চালায় অবরোধারীরা। এ সময় ভেতরে রোগী দেখার পরও তারা অ্যাম্বুলেন্সে ভাংচুর চালায় ও ভেতরে থাকা রোগীসহ তিনজনকে মারপিট করে।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ভাংচুর করা অ্যাম্বুলেন্সে রোগীকে হাসপাতালে নেয়া হয়।
